ইরাকে আইএস হামলায় ১৩ পুলিশ নিহত

ইরাকে আইএস হামলায় ১৩ পুলিশ নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরাকের উত্তরাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত তিনজন। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ইরাকের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, কিরকুক শহরের ৬৫ কিলোমিটার দক্ষিণে আল রাশাদ এলাকায় হামলাটি চালানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে ইরাকি পুলিশের ওই কর্মকর্তা বলেন, তল্লাশি চৌকিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়েছে। হামলায় হতাহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। দুই দফা ওই নিরাপত্তা চেকপোস্টে হামলা করা হয়। পুলিশের ওই কর্মকর্তা আইএসকে দায়ী করলেও সংগঠনটি এখনো পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। অন্য কোনো সংগঠনও এ হামলার দায় নেয়নি।

আলজাজিরার প্রতিনিধি মাহমুদ আবদুল ওয়াহিদ জানান, প্রথম দফা হামলায় প্রায় দুই ঘণ্টা বন্দুকধারীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্য নিহত হন। তাদের সহায়তার জন্য অতিরিক্ত সাহায্য আসার পথে বোমা বিস্ফোরণসহ অতর্কিত হামলায় বাকিরা নিহত হন। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া অপর একজন হামলার ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।

এদিকে আজ রবিবার উত্তর ইরাকের মসুলে এক সেনাচৌকিতে হামলায় তিন ইরাকি সৈন্য নিহত ও একজন আহত হয়েছেন। ২০১৪ সালে কথিত ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ইরাক-সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মসুলকে কেন্দ্র করে পুরো উত্তর ইরাকে দখল প্রতিষ্ঠা করে দলটি। ২০১৭ সালে ইরাকি সামরিক বাহিনী মসুল দখলের মাধ্যমে আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়। তবে দলটির গুপ্ত সদস্যরা এখনো ইরাকের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক সময়ে ইরাকে ভয়াবহ সব জঙ্গি হামলা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *