ইলিশে সয়লাব বাজার, ব্যাগ ভরছেন ক্রেতারা

ইলিশে সয়লাব বাজার, ব্যাগ ভরছেন ক্রেতারা

ইলিশে সয়লাব বাজার, ব্যাগ ভরছেন ক্রেতারা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইলিশে সয়লাব হয়ে পড়েছে রাজধানী। কেবল মাছ বাজার নয়, অলিগলিতে ইলিশ মাথায় নিয়ে ছুটছেন খুচরা বিক্রেতারা। দাম তুলনামূলকভাবে কম হওয়ায় ক্রেতারাও কিনছেন দেদারছে। বলা যায় যে যতটুকু পারছেন, প্রয়োজনের তুলনায় বেশিও কিনছেন। তাতে ক্রেতারা যেমন হাসিমুখে ব্যাগভর্তি ইলিশ নিয়ে ফিরছেন বাড়ির পথে, বেশি বেশি ইলিশ বিক্রি করা বিক্রেতাদের মুখটাও তেমনই বেশ চওড়া। নিজেরা কমে কিনতে পারছেন বলেই ক্রেতাদের হাতে কম দামে তুলে দিতে পারছেন ‘মাছের রাজা’ ইলিশ, তাতে তৃপ্তিবোধও রয়েছে তাদের।

শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেল এমন চিত্র। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অন্য মাছের তুলনায় ইলিশের বেচাকেনাই বেশি।

রাজধানীর মতিঝিল এজিবি কলোনি মাছ বাজার, মতিঝিল আরামবাগ বাজার ও খিলগাঁও বাজার ঘুরে দেখা গেল, বাজারে প্রচুর ইলিশ। দাম অন্য যেকোনো সময়ের তুলনায় বেশ কম। ফলে ক্রেতারা অন্য মাছের তুলনায় ইলিশ মাছই বেশি কিনছেন। বলছেন, ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন ধরে খেতে পারবেন।

গড়ে ইলিশের দাম কম হলেও সবার কপালে সস্তায় জুটছে না এই মাছ। দরদামে যারা একটু কাঁচা, তাদের পকেট থেকে এই ‘সস্তার সময়ে’ও ইলিশের পেছনে টাকা খসছে একটু বেশিই। কারণ ইলিশের দামটা নির্দিষ্ট নেই কোথাওই। বিক্রেতারাও বলছেন, ‘ফিক্সড প্রাইসে’ কখনো ইলিশ বিক্রি হয় না। ফলে একই আকৃতির ইলিশ মাছও একেক ক্রেতাকে কিনতে হচ্ছে একেক দামে। তাতে করে আকারভেদে ইলিশের দাম কেজিতে ৫০/১০০ টাকা পর্যন্তও কমবেশি হয়ে যাচ্ছে।

রাজধানীর মাছ বাজারগুলো সরেজমিনে ঘুরে দেখা গেছে, ১ কেজি থেকে শুরু করে পৌনে দুই কেজি পর্যন্ত আকারের ইলিশকে ‘বড়’ বলে অভিহিত করছেন বিক্রেতারা। এসব ইলিশের দাম ক্রেতাভেদে সর্বনিম্ন ৭০০ টাকা থেকে গড়ে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্য সময়ে এমন আকৃতির ইলিশের দাম হাজার টাকার নিচে কল্পনাই করা যায় না। বিশেষ করে দেড় কেজি বা তার চেয়ে বড় আকৃতির ইলিশের কেজিও ১২শ থেকে দেড় হাজারের নিচে সচরাচর হয় না। এই আকৃতির ইলিশগুলোর ক্রেতা সাধারণত উচ্চবিত্ত পরিবারগুলোর পাতে এই ইলিশ পড়লেও দাম কমে আসায় উচ্চমধ্যবিত্ত ক্রেতাদের ব্যাগেও ঢুকছে ‘ব্ড় ইলিশ।’।

এদিকে, মাঝারি অর্থাৎ ৭০০ গ্রাম থেকে এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫০ টাকা থেকে ৬৫০ টাকা দরে। সপ্তাহখানেক আগেও এমন আকৃতির ইলিশের দাম ছিল প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকা। দাম কমে আসায় এই ইলিশগুলোর বিক্রি বেশ বেড়েছে।

বরাবরই রাজধানীর বাজারগুলোতে সবচেয়ে বেশি চাহিদা ‘৬০০ গ্রাম প্লাস’ আকারের ইলিশের। এই আকৃতির ইলিশের সরবরাহ ও বিক্রিও বেশি হয়ে থাকে। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের দৃষ্টিটা এই আকারের ইলিশেই বেশি থাকে। এমন ইলিশগুলো এখন গড়ে ৫০০ টাকা কেজিতে নেমে এসেছে, স্বাভাবিকভাবেই বিক্রিও বেড়েছে। এছাড়াও ৪০০ গ্রাম থেকে আধা কেজি আকারের ইলিশেরও বেশ সরবরাহ রয়েছে। এগুলো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *