ওয়ার্ল্ড ডেস্ক : ইসরাইল থেকে সিরিয়ার অভ্যন্তরে নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই গুঁড়িয়ে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। বুধবার সকালে ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। খবর সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল ইখবারিয়ার।
চ্যানেল আল-ইখবারিয়া জানিয়েছে, রাজধানী দামেস্কের কাছে জামরাইয়া এলাকায় অবস্থিত একটি বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রকে লক্ষ্য করে বুধবার সকালে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরাইলের ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়। ইসরাইলের যুদ্ধবিমান থেকে সিরিয়ার গবেষণাকেন্দ্র লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত গোলান মালভূমি পরিদর্শনের পরপরই এ হামলা চালানো হয়। গোলান পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেছেন, “যেকোনো পরিস্থিতির জন্য তেল আবিব প্রস্তুত রয়েছে এবং কেউ যেন বিষয়টি পরীক্ষা করে না দেখে। এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের হুমকি দিয়েছেন।


