ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১০

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টাহামলার জেরে উত্তেজনা চরমে উঠেছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হওয়ার জবাবে গাজা থেকে কয়েক ডজন রকেট ছোড়া হয়েছে।

ইসরায়েলি বিমান হামলায় নিহতদের মধ্যে মিলিট্যান্ট নেতা তাইসির জাবারি রয়েছেন। ইসরায়েলের দাবি, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) দলের পক্ষ থেকে হুমকির ‘তাৎক্ষণিক প্রতিক্রিয়া’ হিসেবে বিমান হামলা চালানো হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দখলদার বাহিনীর হামলায় গাজায় পাঁচ বছরের শিশুকন্যা নিহত হয়েছে। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে।

জানা গেছে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলার জবাবে পিআইজের তরফ থেকে শতাধিক রকেট উৎক্ষেপণ করা হয়েছে। সেসব রকেট উৎক্ষেপণ করা হয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে।

যদিও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোম সেগুলো ভূপাতিত করেছে। কিন্তু গাজা উপত্যকা থেকে পিআইজের রকেট নিক্ষেপের জেরে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে রাতভর সাইরেন বেজেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা উপত্যকার ‘সন্ত্রাসীদের’ আস্তানা থেকে উৎক্ষেপণ করা বহু রকেট ভূপাতিত করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত এ ধরনের রকেট হামলা অব্যাহত থাকার কথা জানিয়েছে আইডিএফ।

আজ স্থানীয় সময় শনিবার সকালে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে পিআইজে সংশ্লিষ্ট ১৯ জনকে আটক করা হয়েছে।

  • সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *