ইসরায়েলের জন্য খুলে গেল বাহরাইন আকাশসীমা

ইসরায়েলের জন্য খুলে গেল বাহরাইন আকাশসীমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দখলদার ইহুদিবাদী দেশ ইসরায়েলের জন্য একে একে খুলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশ পথ। আগেই সৌদি আরব ঘোষণা দিয়েছিল, আমিরাতে আসার জন্য ইসরায়েল সৌদি আকাশপথ ব্যবহার করতে পারবে। এখন তাদের সঙ্গে শামিল হয়েছে আরেক দেশ বাহরাইনও।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আরব আমিরাতের অনুরোধে বৃহস্পতিবার থেকে নিজেদের আকাশপথে আমিরাত ও ইসরায়েলের বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। খবর আল জাজিরার

দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। ইসরায়েলের প্রথম বিমানটি সৌদি আকাশপথ ব্যবহার করে আমিরাতে এসেছিল। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার দু’দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরবে পৌঁছে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। বাহরাইনের আকাশ পথ খুলে দেয়ায় এখন ইসরায়েল-আমিরাত বিমান চলাচলে কয়েকঘন্টা সময় বেঁচে যাবে।

বাহরাইনের জনসংখ্যায় উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি রয়েছে। দেশটি ধীরে ধীরে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে উৎসাহী হয়ে উঠছে।

গত মাসে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছিলেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী আরো দেশ রয়েছে। এদের মধ্যে বাহরাইন ও ওমানের নাম বলা হয়। তবে বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গত সপ্তাহে জানায়, বাহরাইনের বাদশাহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে সরাসরি বলে দিয়েছেন যে, বাহরাইন ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠায় সহযোগিতা দানে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক গড়তে তাদের ইচ্ছে নেই।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *