নিজস্ব প্রতিবেদক ● ইসলামই শ্রমিকদের ন্যায্যমূল্য দিতে সক্ষম বলে অভিমত জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী। তিনি বলেন, ইসলাম শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পাওনা পরিশোধ করতে উৎসাহিত করে। আজতো মালিকরা শ্রমিকের ন্যায্যমূল্য দূরে থাক পাওনাটাও পরিশোধ করতে চায় না।
শ্রমিকের প্রতি দরদি হওয়ার আহ্বান জানিয়ে মাওলানা কাসেমী বলেন, মালিকরাই পারে শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে।শ্রমিককেও কাজের প্রতি দরদি হওয়া উচিত। শ্রমিক ও মালিক ভাই ভাই সম্পর্ক গড়া প্রয়োজন। এ ছাড়া সুষ্ঠু সুন্দর সমাজ গড়া যায় না।
১ মে বিকালে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীর খিলগাঁওয়ের ইকরা বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুর রহীম কাসেমী এসব কথা বলেন।
বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রটারী মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, সমাজতন্ত্রী লাল সাম্রাজ্যবাদীদের হাতে প্রতারিত ও প্রবঞ্চিত সর্বহারারা সবসময় বঞ্চিতই থেকে গেলো। শোষিত ও লাঞ্ছিতদের পাশে দাঁড়ানো আজ সময়ের দাবি।
বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাইফীর সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা নাঈমুল ইসলাম প্রমুখ্।
মাওলানা সাইফী বলেন, শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করতে হবে। বহির্বিশ্বের উন্নত কারখানাগুলোর মতো করে এ দেশের শ্রমিকদের কাজের পরিবেশও সুন্দর ও স্বাস্থ্যসম্মত করতে হবে।


