পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিভিন্ন পেশার দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণার দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। এরই মধ্যে একজন বাংলাদেশিসহ ২৭ জন বিশিষ্ট ব্যক্তিকে এ নাগরিকত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে ইসলামী ব্যক্তিত্ব, চিকিৎসাবিদসহ বিভিন্ন পেশার সুদক্ষ নাগরিকরা রয়েছেন।
সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা যায়, নাগরিকত্ব পাওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন, দ্য ওয়ার্ল্ড বসোনিক কনগ্রেস-এর সভাপতি, বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক গ্র্যান্ড মুফতি মুস্তফা সেরিক। স্ক্যান্ডিনেভিয়ান কাউন্সিল ফর রিলেশনস-এর চেয়ারম্যান হুসাইন আল দাউদি।
এদিকে বাংলাদেশি প্রবাসিদের মধ্যে নাগরিকত্ব পেয়েছেন শায়খ মুখতার আলম শিকদার। মক্কার পবিত্র কাবা ঘরের গিলাফ (কিসওয়াহ) প্রস্তুতকারক প্রতিষ্ঠানে দীর্ঘ ২০ বছর ধরে প্রধান ক্যালিগ্রাফার হিসেবে তিনি কাজ করছেন।
এছাড়াও আছেন, লেবাননের দ্য ন্যাশনাল ইসলামিক-ক্রিস্টিয়ান কমিটি ফর ডায়ালগ-এর জেনারেল সেক্রেটারি, আরববিশ্বের প্রভাবশালী চিন্তাবিদ ও ইসলামশিক্ষায় অনন্য অবদানের জন্য বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব ড. মুহাম্মদ নিমর আল সাম্মাক।
ওপরের তিনজন সৌদি ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘মুসলিম ওয়ার্ল্ড লিগ’ (এমডাব্লিওএল)-এর সর্বোচ্চ পরিষদের সদস্য। ২০১৯ সালে ‘মুসলিম ওয়ার্ল্ড লিগের তত্ত্বাবধানে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ঘোষিত ঐতিহাসিক ‘মক্কা ডকুমেন্ট’ বা মক্কা দলিল প্রণয়ন ও অনুমোদনে তারা অগ্রগামী ছিলেন। এ সনদে ১২০ দেশ থেকে ১২ শয়ের বেশি ইসলামী ব্যক্তিত্ব, চার হাজার পাঁচ শয়ের বেশি চিন্তাবিদ স্বাক্ষর করেছিলেন।
আরো নাগরিকত্ব পেয়েছেন ইরাকের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, সৌদি ও উপসাগরীয় দেশ বিষয়ে বিশেষজ্ঞ ইতিহাসবিদ আবদুল্লাহ সালেহ আবদুল্লাহ, লেবাননের দ্য এরাবিক ইসলামিক কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট শিয়া স্কলার সাইয়েদ মুহাম্মদ আল হুসাইনি।
এছাড়াও বিশিষ্ট চিকিৎসা ব্যক্তিত্বদের একটি বিশেষ দলকে নাগরিকত্ব সৌদি নাগরিকত্ব দেওয়া হয়েছে। তারা হলেন, সংক্রামক রোগ কনসাল্টেন্ট ডা. এমাদ মুহাম্মদ তালিজেহ। তিনি ৮৭টির বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন।
রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে কার্ডিয়াক সার্জারির সাবেক কনসাল্টেন্ট এবং আল বাবতেন সেন্টারের হার্ট সার্জারির কনসাল্টেন্ট ও কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডা. ফারুক ওয়েদা। তিনি সৌদ আল-বাবতাইন সেন্টারে পাঁচ হাজারের বেশি ওপেন-হার্ট সার্জারি করেছেন।
কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ও বিশ্বের বিখ্যাত নিউরোসার্জন ডা. ইমাদ উদ্দিন নাজেহ এজ্জাত কানান। তিনি কানাডিয়ান একাডেমী কর্তৃক বিশ্বের সেরা ১৬জন সার্জনের মধ্যে মনোনীত হন।
এছাড়াও দাম্মামের কিং ফাহদ স্পেশালিস্ট হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্রের পরিচালক ডা. খালেদ হামউই, অঙ্গ প্রতিস্থাপনের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটের মেডিকেল ডিরেক্টর, টেলিমেডিসিন ইউনিটের মেডিকেল ডিরেক্টর ডা. মুহাম্মদ গায়াথ জামিল, ডা. ওয়ালিদ খালেদ রশিদ ও ডা. মুস্তাফা আবদুল্লাহ সালেহ নাগরিকত্ব পেয়েছেন। এছাড়াও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে।
সূত্র : সৌদি গেজেট


