ইসলামে হজ্জ ও কুরবানীর প্রতিটি আমল-ই গুরুত্বপূর্ণ : আল্লামা মাসঊদ

ইসলামে হজ্জ ও কুরবানীর প্রতিটি আমল-ই গুরুত্বপূর্ণ : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাম ধর্মে হজ্জ ও ওমরাহ-এর প্রতিটি আমলই সমান গুরুত্ব রাখে বলে জানিয়েছেন  বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

হজ্জ ফরজ হয়ে গেলে তা আদায়ে দেরি করা মোটেও উচিৎ নয় মন্তব্য করে তিনি বলেন, হজ ও কুরবানীর মাস চলে এসেছে। আর কিছুদিন পরেই হজ ও কুরবানী পালন করবেন মুসলমানগণ। যাদের উপর হজ্জ ফরজ হয়েছে, তারা দ্রুত এই ফরজ আদায় করে নেবেন। যারা হজ্জ করার সুযোগ পেয়েছেন তারা তো সৌভাগ্যবান। তারা ইসলামের একটি বুনিয়াদি বিষয় আদায় করার সৌভাগ্য পেয়েছেন। আর যাদের হজ্জ করার সামর্থ্য নেই তারা পশু কুরবানী করে আল্লাহর আনুগত্য স্বীকার করবেন। কুরবানীর ফজিলতও ইসলামে কম নয়। ইসলামে হজ ও কুরবানীর প্রতিটি আমলই গুরুত্বপূর্ণ।

শুক্রবার (২৭ মে) ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে এসব কথা বলেন শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

আল্লাহ তাআলা লোক দেখানো কুরবানী কবুল করেন না জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, আমাদের সমাজে লোক দেখানো কুরবানী করে দুই শ্রেনীর লোক। এক শ্রেনীর লোক আছে এমন, যাদের অনেক টাকা, তারা বেশী টাকা দিয়ে কুরবানী করে প্রতিযোগিতা করে। আরেক শ্রেনী আছে, যাদের উপর কুরবানীই ওয়াজিব না। তারা ধারকর্জ করে হলেও কুরবানী করে। যাতে মানুষ কিছু বলতে না পারে। কখনও পরিবারের চাপে পড়ে, সন্তানদের শখ পূরণ করতে কুরবানী করে। এই দুই শ্রেনীর কারো কুরবানীই আল্লাহ তাআলা কবুল করবেন না। কুরআন কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, পশুর রক্তমাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।

পশু কুরবানীর আগে নিজেদের আত্মাকে কুরবানী করা জরুরী উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের ইমাম বলেন, আল্লাহ তাআলা লোক দেখানো কুরবানী কবুল করেন না। আল্লাহ তাআলা দেখেন নিয়্যতের পরিশুদ্ধতা বা তাকওয়া আছে কিনা? তাকওয়া থাকলে একটা ছোট্ট খাসি বা বকরী কুরবানী দিলেও আল্লাহ তাআলা তা কবুল করেন। আর তাকওয়া না থাকলে লাখ লাখ টাকা দিয়ে পশু কুরবানী করলেও আল্লাহ কবুল করেন না।

সহীহ নিয়্যতে কুরবানী করার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে এই আধ্যাত্নিক রাহবার বলেন, সহীহ নিয়্যতে কুরবানী করলে কুরবানীর পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কুরবানীর পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব দান করেন।

প্রতিটি আমলের মাঝে নিয়্যতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এমন অনেক বিষয় আছে, যেগুলো আমল কবুল হওয়ার জন্য প্রয়োজনীয় নয়। কিন্তু একমাত্র নিয়্যত এমন একটা বিষয়, যেটা ছাড়া কোন আমলই গ্রহনযোগ্যতা পায় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *