পাথেয় রিপোর্ট : ইসলাম ও হযরত মোহাম্মদ (সা.) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম জয়দেব চন্দ্রশীল। সে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সম্মান শেষ বর্ষে পড়াশোনা করেন।
তারা বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।
ফেসবুকে ধর্মীয় বিদ্বেষপূর্ণ মন্তব্যের পর শিক্ষার্থীদের শাস্তির দাবির পরিপ্রেক্ষিতে রোববার উপাচার্যের নির্দেশে এবং প্রক্টরিয়াল বডির সুপারিশে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রক্টরিয়াল বডির সুপারিশপত্র থেকে জানা যায়, সার্বিক ঘটনা পর্যবেক্ষণ করে অভিযুক্তের বিরুদ্ধে কোনো স্থায়ী পদক্ষেপের আগে ঘটনাটির সুষ্ঠু তদন্তের প্রয়োজন। এ জন্য অতিসত্ত্বর একটি তদন্ত কমিটি গঠন করা দরকার। তবে অভিযোগ প্রমাণের আগ পর্যন্ত অভিযুক্ত জয়দেবকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে ‘ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফা নির্বাচনের আগে ধ্যানে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’- ভিডিওবার্তা নিজেদের ভেরিফাইড পেইজ থেকে শেয়ার করে ভয়েস অব আমেরিকা নামক সংবাদ মাধ্যমটি। বার্তাটি শেয়ারের কিছুক্ষণ পর ওই পোস্টে ধর্মীয় বিদ্বেষপূর্ণ মন্তব্যটি করেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওই শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল বিভাগের পটুয়াখালীতে।
পরে মন্তব্যটি স্ক্রিনশটের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। এই অপরাধের জন্যে একের পর এক পোস্টের মাধ্যমে অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
পরে রোববার সকালে ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত জয়দেবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে এ ধরনের ঘটনা খুবই নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনার কোনো ক্ষমা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার পাশাপাশি তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।’
এদিকে অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া । তিনি জানান, ‘অভিযুক্ত জয় দেবের বিরুদ্ধে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার বাসিন্দা রিয়াজ উদ্দিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. ইমাম বলেন, “অভিযুক্ত জয় দেব কুমিল্লার ঠাকুরপাড়াস্থ একটি মেসে থাকতো। সে ফেসবুকে ইসলাম ও মহানবীকে নিয়ে কটুক্তি করায় স্থানীয়রা তাকে আটক করে আমাদের খবর দেয়। আমরা রবিবার সকালে তাকে গ্রেফতার করি।”
উল্লেখ্য, এর আগে গত ২৫ মে ২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের বাসে এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগও পাওয়া যায় জয় দেবের বিরুদ্ধে।


