পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুবাই টেস্টে ইয়াসির শাহ তাণ্ডবে নিউজিল্যান্ডকে ৯০ রানে গুটিয়ে দিয়ে ৩২৮ রানের বিশাল লিড নিয়েছে পাকিস্তান। ৮ উইকেট নিয়ে ইয়াসির শাহ একাই ধসিয়ে দিয়েছেন তাদের!
নিউজিল্যান্ডের শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার টম ল্যাথাম আর জিৎ রাভাল। দুবাই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ৪১৮ রানের জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসের ওপেনিং জুটিতে ল্যাথাম-রাভাল গড়েছিলেন অর্ধশত রানের জুটি। সবচেয়ে বড় কথা, প্রায় ২২ ওভার উইকেটে ছিলেন তাঁরা। কিন্তু ওই সময়টা বোলিংয়ে ছিলেন না পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। পরে যে কাল হয়ে আসে কিউইদের জন্য।
বোলিংয়ে এসেই কিউইদের চেপে ধরলেন ইয়াসির। তার স্পীন বীষে একে একে নীল ৮ কিউই। এক কথায় বলতে গেলে নিউজিল্যান্ড এর এই দূর্গে একাই ধ্বস নাসিয়েছে ইয়াসির। সে বলে আসার পরের ১৩ ওভারের মধ্যেই মাত্র ৪০ রান যোগ করতে না করতেই অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। ইয়াসির শাহ নিয়েছেন ৮ উইকেট।
পাকিস্তানের হয়ে টেস্ট ইনিংসে ইয়াসিরের চেয়ে ভালো বোলিং পরিসংখ্যান আছে আর মাত্র দুজনের— আবদুল কাদির (৯-৫৬, প্রতিপক্ষ ইংল্যান্ড) আর সরফরাজ নওয়াজের (৯-৮৬, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া)। মাত্র ২১ বলের মধ্যে ইয়াসির ফিরিয়েছেন ছয়-ছয়জন কিউই ব্যাটসম্যানকে!
অন্যদিকে ওপেনিং জুটিতে ন্যূনতম ৫০ রান করার পরও সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির গড়ল নিউজিল্যান্ড। এর আগের কীর্তিটাও নিউজিল্যান্ডেরই ছিল, কাকতালীয়ভাবে প্রতিপক্ষ ছিল এই পাকিস্তানই। ২০০১ সালে অকল্যান্ডে উদ্বোধনী জুটিতে ৯১ রান তোলার পরেও ১৩১ রানে অলআউট হয়েছিল কিউইরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফলোঅনে নেমেছে কিউইরা। দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহের চোখরাঙানি এড়িয়ে লড়তে পারবে তো তারা?


