ইয়েমেন যুদ্ধঃ সৌদী আরবের প্রতি সমর্থন প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

ইয়েমেন যুদ্ধঃ সৌদী আরবের প্রতি সমর্থন প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

পাথেয় টোয়েন্টিফোর ডটকমঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইয়েমেন যুদ্ধে সৌদী আরব ও তার মিত্রদের কাছে অস্ত্র বিক্রিসহ সকল সমর্থন প্রত্যাহার করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে অন্যান্য বিষয়ে পরিবর্তনের ঘোষণাও দেন জো বাইডেন। এগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে আরও বেশি সংখ্যক শরণার্থী গ্রহণের সিদ্ধান্তও। আমেরিকার পররাষ্ট্রনীতিতে এটি একটি বিরাট পরিবর্তন বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।

প্রেসিডেন্ট হিসাবে এটি পররাষ্ট্রনীতি বিষয়ে বাইডেনের প্রথম গুরুত্বপূর্ণ ভাষণ। সেখানে তিনি জার্মানি থেকে মার্কিন সৈন্য হ্রাস করে পুনঃমোতায়েনের ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা স্থগিত এবং চীন ও রাশিয়ার ‘কর্তৃত্ববাদী হুমকি’ বৃদ্ধির ব্যাপারে কঠোর অবস্থানের অঙ্গীকার ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহ শেষে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একসঙ্গে পররাষ্ট্র দফতরে যান। ট্রাম্পের চার বছরের শাসনের পরে কূটনৈতিক বিষয় নবায়নের প্রতীক হিসেবে তারা পররাষ্ট্র দফতরে গেলেন।

এই যুদ্ধের অবসান ঘটাতে হবেঃ বাইডেন

অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে বাইডেন বলেন, ইয়েমেন যুদ্ধে সৌদী আরব ও তার মিত্রদের কাছে অস্ত্র বিক্রিসহ সকল সমর্থন প্রত্যাহার করেছেন তিনি। ‘এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। আর আমাদের আন্তরিক প্রচেষ্টার নিদর্শন হিসাবে আমরা অস্ত্র বিক্রিসহ ইয়েমেন যুদ্ধে চালানো আক্রমণাত্মক সবধরণের কর্মকান্ড থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করছি’।

বাইডেন আরো বলেন, ‘ইয়েমেনে যুদ্ধবিরতির লক্ষ্যে আমরা আমাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছি। এটা এমন এক যুদ্ধ, যা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে’।

বাইডেন ইয়েমেনে রাষ্ট্রদূত হিসেবে টিমোথি লেনডারকিংকে নিয়োগ দিয়ে বলেছেন, এই দূত জাতিসংঘের যুদ্ধ বিরতি প্রচেষ্টা এবং ইয়েমেন সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনায় সহায়তা করবে। যুদ্ধের অবর্ণনীয় দুর্দশায় থাকা ইয়েমেনের জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কাজ করবে।

এর আগে ইয়েমেনে যুদ্ধে ট্রাম্প প্রশাসন সৌদী আরবকে কারিগরি সহায়তা দিয়েছে এবং সৌদী আরব যুক্তরাষ্ট্রের ‘কর্মসংস্থান সৃষ্টি করছে’ এই যুক্তিতে গাইডেড মিসাইলসহ সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিল। ২০১৫ সালে জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রেসিডেন্ট ওবামা ইয়েমেনে সৌদী নেতৃত্বাধীন জোটের অভিযানে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেন। বিবিসি বলছে, এর একটি কারণ কারণ ছিল ইরানের সাথে পরমাণু চুক্তির কারণে সৃষ্ট সৌদী আরবের ক্ষোভ সামাল দেয়া।

ওদিকে সৌদী আরব নিজেও যুদ্ধ থেকে বেরিয়ে আসতে একটি রাজনৈতিক সমাধান খুঁজছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সৌদী আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এক বিবৃতিতে জানায়, সৌদী রাজতন্ত্র ইয়েমেন-সংকটের একটি সর্বাঙ্গীণ রাজনৈতিক সমাধানে পৌঁছতে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করছে এবং এই সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছে।

তবে সৌদী-আমেরিকার দীর্ঘদিনের সম্পর্কে সহসাই কোন ফাটল ধরছে না বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।

 

আরো দেখুনঃ

চীন ও রাশিয়াকে বাইডেনের কড়া হুঁশিয়ারি

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *