ঈমানের চর্চা করে অন্তর সজিব রাখতে হবে : আল্লামা মাসঊদ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈমানের চর্চা করে অন্তর সজিব রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, ঈমানের চর্চা করলে ঈমান বৃদ্ধি পায়। ইবাদতে স্বাদ আসে। অন্তর সজিব হয়। মন শান্ত হয়।
সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কোর্টপাড়, ভাঙ্গা , ফরিদপুর দারুল উলুম মাদানীনগর মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা ফরিদপুর জেলা আয়োজিত তিনব্যাপি ইসলাহী ইজতেমার তালীমী হালকায় তিনি এসব কথা বলেন।
ঈমানকে চর্চায় রাখার জন্য আল্লাহ তাআলা আয়মাল দিয়েছেন উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, ঈমানকে সবসময় চর্চায় রাখতে হয়। আর ঈমানকে চর্চায় রাখার জন্য আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ ইত্যাদি আমলসমূহ দিয়েছেন। যে যতবেশি আমল করলো, সে তত বেশি ঈমানের চর্চা করলো।
আল্লামা মাসঊদ বলেন, ঈমান শিখতে হয় এবং বৃদ্ধি করতে হয় দুই ভাবে। ১. আফাক অর্থাৎ পরিবেশ-প্রকৃতি দেখে। ২. নিজেকে দেখে। নিজেকে নিয়ে চিন্তা-ভাবনা করার মাধ্যমে। তিনি বলেন, তোমার নিজের মাঝে এবং স্রষ্টার সৃষ্টির মাঝেই আল্লাহ বিদ্যমান। তাঁর সৃষ্টির মাঝেই খুঁজলে তাঁকে পাওয়া যায়।
নেক এবং এক হওয়ার আহ্বান জানিয়ে আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এ খলিফা এই বলেন, বর্তমান সময়ে নেক এবং এক হওয়ার কোন বিকল্প নেই। নেক আমল করে, নেক এবং এক হয়ে আল্লাহর রহমতের দিকে ফিরে আসলো পৃথিবীতে শান্তি আসবে। কারণ, আল্লাহ আমাদের ডাকছেন। আইসো, আইসো, আমার কাছেই আইসো। এখানেই তোমাদের নাজাত ও মুক্তি।
মহল্লায় মহল্লায় তালিমের হালকা চালু করার কথা উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, তালিম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তালিমের মাধ্যমে যেননিয়ত তৈরি হয়। ঈমান পাকাপুক্ত হয়। অন্তরে ঈমানে স্বাদ আসে। ইবাদত করতে এবং আল্লাহর হুকুম-আহকাম পালন করতে ভালো লাগে। প্রথমত ‘ঈমান’ বইয়ের মাধ্যমে তালিমের হালকা চালু করার কথা বলেন তিনি।
৫টি পদ্ধতিতে তালিম করার কথা বলে আল্লামা মাসঊদ বলেন, তালিমের শুরুতে প্রথমে আল্লাহর নামের জিকির করবেন। ২. কুরআন শরীফের মশক করবেন। ৩. কিতাবি তালিম করবেন। ৪. প্রত্যেকে বিগত সপ্তাহের করাগুজারি করবেন। ৫. দুআ করে তালিম শেষ করবেন।


