ঈমানের সঙ্গে মরতে পারলেই আমরা সফল : মাহমুদ মাদানী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈমানের সঙ্গে মৃত্যু হলে আমাদের আর কোন নেয়মতের প্রয়োজন নেই- উল্লেখ করে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি, জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল (সা. এর বংশধর) মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী বলেন, আল্লাহ আমাদের ঈমানের নেয়ামত দিয়েছেন, কিন্তু আমরা এটা নিশ্চিতভাবে কখনো বলতে পারবো না, আমাদের মৃত্যু ঈমানের সাথে হবে কিনা! যদি আমাদের মৃত্যু ঈমানের উপরে হয়, তবেই আমরা সফল। আমাদের মানুষ হিসেবে বানানো সার্থক। ইনশাআল্লাহ, আল্লাহ নিজ অনুগ্রহে ও মেহেরবানিতে আমাদের ঈমানের সাথের তাঁর কাছে নিয়ে যাবেন।
পৃথিবীর সবকিছু মানুষের জন্য, মানুষ আল্লাহর জন্য উল্লেখ করে মাহমুদ মাদানী বলেন, ‘আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য, আর পৃথিবী সবকিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য। তাই তো মানুষ আসমান, জমিন, চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত, বৃষ্টি, পানি, বাতাস, পশু-পাখি ও অন্যান্য সৃষ্টির মুখাপেক্ষী।’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্সে আয়োজিত ইসলাহী জোড়ে মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী এসব কথা বলেন।
বান্দার উপর আল্লাহ তাআলার নেয়ামত বিরামহীন চলমান, তার শুকরিয়া আদায় করতে বান্দা অক্ষম জানিয়ে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি বলেন, ‘এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বানিয়েছন। এই উম্মতের উপর আল্লাহর অনুগ্রহরাজি ও নেয়ামত অসংখ্য, তা হিসাবের অতীত। তা এত বিপুল, যা পরিসংখ্যান করা সম্ভব নয়। আল্লাহ মানুষকে দিয়েছেন কথা বলার জন্য যবান, দেখার জন্য চোখ, শোনার জন্য কান, ধরার জন্য হাত, চলার জন্য পা। অগণিত নেয়ামত দিয়ে ঘিরে রেখেছেন তিনি মানুষকে। মানুষের শরীরের অভ্যন্তরে ও বাইরে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে আসমান, জমিন, পাহাড়, নদী ও অন্য অসংখ্য সীমাহীন নেয়ামতের মমতাময় চাদরে আচ্ছাদিত করে রেখেছেন আল্লাহ।’
মাওলানা মাহমুদ মাদানী বলেন, আল্লাহ আমাদের ঈমানের নেয়ামত দান করেছেন। একজন মানুষের জন্য এই নেয়ামতের থেকে বড় কোন নেয়ামত হতে পারে না। আল্লাহ দয়া করে মায়া করে, তার অনুগ্রহে ও মেহেরবানিতে আমাদের ঈমানের নেয়ামত দান করেছেন। আর যারা ঈমানের নেয়ামত পায়নি, তাদের মানুষ বানানোটাই অনর্থক। এভাবে বলা যায়, তাদেরকে মানুষ বানানোই হয়নি।
মাওলানা মাহমুদ মাদানী বলেন, শুধু মুখেমুখে নেয়ামত শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় হয়ে যায় না, বরং আল্লাহর হুকুম-আহকাম পালনে গুরুত্ব গুরুত্বারূপ, আমল ও ইবাদতে, মুহাম্মদ সা.-এর অনুসরণে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় হয়। আল্লাহ তাআলাকে ভালোবাসার পাশাপাশি মুহাম্মদ সা.-কেও ভালোবাসতে হবে। কারণ, ঈমান পূর্ণতা পায় রাসূল সা.-কে ভালোবাসায়।
মিথ্যা বলা ছেড়ে দিয়ে সদা সত্যকথা বলার আহ্বান জানিয়ে মাওলানা মাদানী বলেন, মানুষের অনেক বড় একটি রোগ হলো মিথ্যা বলা। কারণে অকারণে মানুষ মিথ্যা বলতে পছন্দ করে। মিথ্যা বলা সবচেয়ে বড় রুহানি রোগ। মিথ্যা কথা আরো অনেক রকমের গুনাহকে কাছে ডেকে আনে। তাই মিথ্যা বলা পরিহার ছেড়ে দিতে হবে। আর সত্য কথা বলো খুব সহজ কাজ, কঠিন কোন কাজ নয়, বরং মিথ্যা বলাটাই কঠিন। যে ব্যক্তি মিথ্যা বলে ছেড়ে দেয়, আল্লাহর বিশেষ রহমত থাকে তাঁর উপর।।


