উইন্ডিজ সিরিজে ভেট্টরিকে পাচ্ছে না টাইগাররা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে ক্যারিবীয় দলের। এই সিরিজ উপলক্ষে রোববারই দেশে ফিরেছেন অল-রাউন্ডার সাকিব আল হাসান। তবে তাদের গুরু আসছেন না।
২০১৯ সালে নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনারের সঙ্গে বিসিবি যে চুক্তি করেছিল, সেটির মেয়াদ ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে আইসিসি টুর্নামেন্ট স্থগিত হয়ে যায় এবং ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ দলের সঙ্গে ভেট্টোরির কাজ করার সময় চুড়ান্ত হয়। কিন্তু মহামারিতে ফের বাঁধাগ্রস্ত হয় বাংলাদেশের সঙ্গে তার কার্যক্রম কর্মকাণ্ড।
বিসিবির ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন, উইন্ডিজ সিরিজে ভেট্টোরিকে পাচ্ছে না বাংলাদেশ। তিনি সাংবাদিকদের বলেন, ‘করোনা পরিস্থিতি বিশ্বব্যাপী সবকিছুকে কঠিন করে তুলেছে। এই মুহূর্তে বাংলাদেশ দল তার সেবা থেকে বঞ্চিত হতে যাচ্ছে। তিনি নিজ দেশেই অবস্থান করছেন। তবে ফেব্রুয়ারি-মার্চের দিকে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে গেলে তাকে পাওয়া যাবে।’
দ্বিতীয় সারির দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসলেও ভেট্টোরির অনুপুস্থিত টাইগারদের জন্য একটি বড় ক্ষতি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সময় বাংলাদেশের পক্ষে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছে স্পিন। ওই সময় ১৫টি উইকেট নেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। ধীরগতির বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নেন ১০ উইকেট। এছাড়া বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ৯টি এবং অফ স্পিনার নাঈম হাসান ৬টি উইকেট লাভ করেন।


