উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা রবিবার

উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা রবিবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে প্রথমবারের মতো মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে গত আগস্টেই। তারই ধারাবাহিকতায় রবিবার (১২ ডিসেম্বর) রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এম এ এন সিদ্দিক বলেন, “উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক যাত্রার জন্য পাওয়ার ক্যাবল লাইন স্থাপনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

গত ২৯ আগস্ট প্রথমবারের মতো দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। গত ২৯ নভেম্বর উত্তরা থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত পাঁচটি স্টেশনে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে চলাচল করে মেট্রোরেল।

এম এ এন সিদ্দিকের ভাষ্যমতে, উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেল লাইনের দৈর্ঘ্য ২১.৭৬ কিলোমিটার। এর মধ্যে প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে ৭২.৯৯%।

উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পুরো রুটে ৪০ মিনিটেরও কম সময়ে প্রতি ঘণ্টায় মেট্রোরেলে ৬০ হাজার যাত্রী চলাচল করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রতিটি ট্রিপে ২০০ জন যাত্রী থাকবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *