পাথেয় রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘কমিশনের সঙ্গে বৈঠক করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের পুনঃতফসিল হবে। শিগগিরই এটি করা হবে।’
বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচনে সব বাধা কেটে যাওয়ায় শিগগিরই পুনঃতফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
আইনজীবী আদালতে না আসায় বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন নিয়ে রুল খারিজ করে দিয়েছে হাই কোর্ট। এর ফলে এ নির্বাচনের ওপর হাই কোর্টের স্থগিতাদেশ উঠে যাচ্ছে এবং ভোট আয়োজনে আইনগত কোনো বাধা থাকছে না। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল দিয়েছিল নির্বাচন কমিশন।
ওই তফসিলের বৈধতা চ্যালঞ্জ করে এবং তফসিলের কার্যকরিতার ওপর স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তাদের আবেদনের ওপর শুনানি করে গতবছর ১৭ জানুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে দেয়।
এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, এটা আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এটা ঠিক রিপোর্ট না।
নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে টিআইবির অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, এটা অসৌজন্যমূলক, লজ্জাকর বিষয়। এ কথাগুলো এভাবে বলা ঠিক হয়নি। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে (ইসি) নিয়ে টিআইবির মন্তব্য অসৌজন্যমূলক। এ ধরনের মন্তব্য করা তাদের ঠিক হয়নি। তবে ইসি টিআইবির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না।
টিআইবির প্রতিবেদেনর বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। ঠিক রিপোর্ট না।’
টিআইবির বক্তব্য প্রসঙ্গে সিইসি বলেন, এটা আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এটা ঠিক রিপোর্ট না। কারণ পত্রপত্রিকার যে তথ্য পেয়েছি, তাতে এ রকম কোনো অভিযোগ পাইনি। কোনো জায়গায় আপনারা (সাংবাদিকদের) এমন (অনিয়মের খবর) দেখাননি, তারা (টিআইবি) যেভাবে বলেছেন। নির্বাচনে সে ধরনের অনিয়ম হয়েছে।
তিনি বলেন, শুধু গণমাধ্যম নয়; আমাদের কর্মকর্তা, নির্বাচনী তদন্ত কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে আমরা নির্বাচনের তথ্য নিয়েছি। নির্বাচনে এমন ঘটনা হয়নি। টিআইবি যে রকম বলেছেন, তার সতত্য নেই।
টিআইবির প্রতিবেদনে ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা অসৌজন্যমূলক, লজ্জাকর বিষয়। এ কথাগুলো এভাবে বলা ঠিক হয়নি।
ইটিআইর মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সংস্থাটির পরিচালক ফরহাদ হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


