পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মিয়ানমার। বিক্ষোভকারীদের ওপর পুলিশের এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।
দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর রোববারকে (২৮ ফেব্রুয়ারি) ভয়াবহতম রক্তাক্ত দিন বলে আখ্যায়িত করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইয়াঙ্গুন, দাওয়েই এবং মান্দালাইয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে। এরপর রাস্তায় নেমে আসেন সাধারণ নাগরিকরা। নিরাপত্তা বাহিনীর দমন নির্যাতনও চলছে। গতকাল শনিবার থেকে কঠোর অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক দৌড়ে পালাচ্ছেন বিক্ষোভকারীরা। রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। একাধিক রক্তাক্ত দেহ রাস্তা থেকে সরিয়ে নিতে দেখা যাচ্ছে।
আজ পুলিশের অভিযান আরো জোরদার করা হয়েছে। সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের বিক্ষোভ যেকোনো মূল্যে দমন করার পথেই এগোচ্ছে।
/এএ


