পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীন সরকার থেকে উপহারের ৫ লাখ টিকার মধ্যে ৩০ হাজার টিকা বাংলাদেশ সরকারের কাছে চেয়েছে চীনা দূতাবাস। এই ৩০ হাজার টিকা বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের দেওয়া হবে। চীনা দূতাবাস আনোয়ার খান মডার্ন হাসপাতালের মাধ্যমে এ টিকা প্রয়োগ সম্পন্ন করবে।
আনোয়ার খান মডার্ন গ্রুপের গণমাধ্যম ও রাজনৈতিক শাখার জনসংযোগ কর্মকর্তা শেখ নাজমুল হক সৈকত একটি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল হক সৈকত বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে অনেক চীনা নাগরিক আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া চীনা দূতাবাসের সঙ্গে এই হাসপাতালটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা সরকারের কাছে ৩০ হাজার টিকা চেয়েছে এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালের মাধ্যমে এসব টিকা বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের প্রয়োগ করা হবে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমরা টিকা হাতে পাবো বলে আশা করছি।’


