পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একটি মানুষও অনাহারে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩ ডিসেম্বর রোবাবর তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
ওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলকে পূনরায় নির্বাচিত করার জন্য দেশবাসীর কাছে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের প্রার্থীদের বিজয়ী করার জন্য আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই, যাতে করে পুণরায় আপনাদের সেবা করার সুযোগ পাই।
এরআগে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় যোগ দিতে তারাগঞ্জে পৌঁছেন। ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার পর তিনি সড়কপথে তারাগঞ্জ এসে পৌঁছান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলের নেতা-কর্মীসহ লাখো জনতা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এরপর পীরগঞ্জে ওই আসনের সংসদ সদস্য প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
শেখ হাসিনা তাঁর ভাষণে বলেন, জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছে, আজকে স্বাধীনতা পেয়েছে। আর নৌকা যখন ক্ষমতায় আসে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। অতীতের কথা স্মরণ করে তিনি বলেন, এই এলাকা তারাগঞ্জ- বদরগঞ্জসহ সমগ্র বাংলাদেশ তিনি ঘুরে দেখেছেন দরিদ্র মানুষ, মানুষের দুর্দশা এবং হাহাকারের করুণ চিত্র। তিনি বলেন, এইসব এলাকায় ছিল মঙ্গা। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ২০০৮ সালে আর ২০০৯ সালে সরকার গঠন করেছে। সে থেকে এ পর্যন্ত আল্লাহর রহমাতে কোন মঙ্গা হয় নাই। খাবার কোন কষ্ট হয় নাই।
তিনি এ সময় তাঁর আগামী সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, একটি মানুষও অনাহারে থাকবে না। কারণ গৃহায়ণ প্রকল্পের মাধ্যমে আমরা ঘর-বাড়ি তৈরী করে দিচ্ছি। প্রতিটি মানুষ যাতে চিকিৎসা পায় সেজন্য আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। সেখান থেকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ৩০ প্রকারের ওষুধ বিতরণ করা হচ্ছে।
তাঁর সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ছেলে-মেয়েদের জন্য বই আর মা-বাবাকে কিনতে হয় না, তাঁর সরকার এই দায়িত্ব নিয়েছে। ২ কোটির বেশি শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড করে বৃত্তি- উপবৃত্তি প্রদানের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রায় ১ কোটি ৪০ লাখ মায়ের মোবাইল ফোনে মাসের শুরুতে বৃত্তির টাকা পৌঁছে দেয়া হচ্ছে।
বয়স্ক এবং বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা দিচ্ছি যাতে করে কোন মা-বোন কোন ধরনের দুর্গতিতে পড়লে তাঁকে যেন কষ্ট করতে না হয়, বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, জনগণ বার বার নৌকায় ভোট দিয়েছে বলেই তাঁর সরকারের পক্ষে এসব উন্নয়ন সাধন করা সম্ভব হয়েছে। তিনি এসময় এই আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউককে বিজয়ী করার আহবান জানিয়ে তাকে জনগণের হাতে সোপর্দ করেন। তিনি উপস্থিত সকলের কাছে নৌকায় ভোট প্রদানের প্রতিশ্রুতি চাইলে জনগণ দু’হাত তুলে তাতে সম্মতি জানায়। তিনি বলেন, আপনারা ডিউককে ভোট দিয়ে জয়যুক্ত করেন, যাতে করে আমরা আবারো আপনাদের সেবা করার সুযোগ পাই।
প্রধানমন্ত্রী এ সময় তাঁর নির্বাচনী মহাজোটের উল্লেখ করে যেসব স্থানে মহাজোটের প্রার্থী রয়েছে সেসব আসনের জনগণকে মহাজোটের প্রার্থীকেও ভোট প্রদানের আহবান জানান।


