একদিনে খুলনা বিভাগে আরও ৩৫ জনের মৃত্যু

একদিনে খুলনা বিভাগে আরও ৩৫ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৪৫ জনের।

এর আগে মঙ্গলবার (০৩ আগস্ট) বিভাগে ৩১ জনের মৃত্যু এবং ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। বুধবার (০৪ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোরে সাতজন, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় ছয়জন করে, মাগুরা ও মেহেরপুরে তিনজন করে এবং ঝিনাইদহে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৬ হাজার ৮৭৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৫২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৯৬২ জন।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা গেছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় জেলায় ৬৬২ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৩৬৯ জনের। মারা গেছেন ৬৫৩ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৭০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *