একাদশ নির্বাচনে স্মরণকালের ‘মহাজালিয়াতি’ হয়েছে : রিজভী

একাদশ নির্বাচনে স্মরণকালের ‘মহাজালিয়াতি’ হয়েছে : রিজভী

পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মরণকালের সবচেয়ে ‘মহাজালিয়াতি’ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারাদেশে অধিকাংশ আসনের অনেক কেন্দ্রে আগের রাতে ব্যালট দিয়ে বাক্স ভর্তি করে রাখা হয়েছে। এ কারণে ভোটের দিন বহু কেন্দ্রে সকাল ১০/১১টার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যায়। হাজার-হাজার ভোটার ভোট দিতে এসেও ভোট দিতে পারেননি।

৫ জানুয়ারি শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, সব কেন্দ্রে ভোটগ্রহণ খুব ধীর গতিতে করা হচ্ছিল। এর কারণ শুরু থেকেই বাহির থেকে ভোটার আসার সময় পাশাপাশি ভেতরে ব্যালটে অবৈধ সিল মারার কাজ চলছিল। তিনি অভিযোগ করে বলেন, ভোটের আগের রাত পর্যন্ত পুলিশ/ডিবি/আওয়ামী লীগ কর্মীদের ভূমিকায় বহু কেন্দ্রে বিএনপির এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। ভোটের দিন এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি অথবা মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর বিভিন্নভাবে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের দিনের আগের কয়েক সপ্তাহে বিরোধীদের মিছিলে হামলা করা হয়েছে, আহত করা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, নির্বাচন প্রচার-প্রচারণা অফিস ভাঙচুর করা হয়েছে। পুলিশ ডাকলে তারা আক্রান্তদেরই গ্রেপ্তার করেছে, মামলা দিয়েছে। অনেক ক্ষেত্রে পুলিশ নিজেরাই ওই কাজ করেছে। তিনি আরো বলেন, বহু প্রার্থীকে আহত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। বহু গুরুত্বপূর্ণ প্রার্থীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, প্রচারণায় যেতে দেওয়া হয়নি, নির্মম-নির্যাতনের শিকার করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, সরকার আর ইসির মিথ্যা আশ্বাসে সব দল নির্বাচনে এলো। কিন্তু পুলিশ, ডিবি, বিজিবি, র‌্যাব, বিচার বিভাগ, সিভিল প্রশাসন, দুদক আর নির্বাচন কমিশনকে সম্পূর্ণ কাজে লাগিয়ে ইতিহাসের ঘৃণ্যতম এই নির্বাচন সংঘটিত করা হলো।

এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা। জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন। বৈঠকে সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা অনিয়ম নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। বিএনপির প্রতিনিধি দলে অন্য দুইজন হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

গত ৩০ ডিসেম্বর রোববার বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। ভোটগ্রহণের পর গতকাল বৃহস্পতিবার শপথগ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে ধানের শীষের প্রার্থীরা। এছাড়া জাতীয় ঐক্যফ্রান্টের বিজয়ী প্রার্থীরা শপথগ্রহণ করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *