এক দিনে বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

এক দিনে বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৪৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ২২০০ জন। এর ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ লাখ ৭৯ হাজার ২৩৩ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ৮৯০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৯৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৪৬৮ জনে।

বুধবার (১০ নভেম্বর) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে রাশিয়া-ইউক্রেন-তুরস্ক-ভারত-যুক্তরাজ্য।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫১৩ জন এবং মারা গেছেন ১ হাজার ২৮৮ জন।

অন্যদিকে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ১৬০ জন।

এছাড়া গত একদিনে যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ২৬২ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৯৪৮ জন।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮০ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৩১ জন।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১১২ জন, তুরস্কে ১৯৬ জন, ইউক্রেনে ৮৩৩ জন এবং পোল্যান্ডে ২২০ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৭৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৮১১ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *