এক দিনে ১৮৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

এক দিনে ১৮৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৩২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫১ জন রোগী চিকিৎসাধীন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট রোগী দাঁড়িয়েছে ৯০৬ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭৪০ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৬ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালে ভর্তি হওয়া ১৮৩ জন রোগীর মধ্য রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৬ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭৬ জন ভর্তি হন। এর বাইরের ৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৪ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার ৯১২ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯২৪ জন।

এছাড়াও চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ৮২ জন। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বরে ২৩ জন ও ১১ অক্টোবর পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *