নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)’ এবং ‘নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি (এনওয়াইআইটি)’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ১০ মে নিউইয়র্কে অবস্থিত এনওয়াইআইটির প্রশাসনিক ভবনে এ সমঝোতা স্মারক সই হয়।
এটুআইয়ের প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার এবং এনওয়াইআইটির পক্ষে প্রতিষ্ঠানটির ইনটেরিম প্রেসিডেন্ট রহ্মত সুরেসি সমঝোতা স্মারকে সই করেছেন। অনুষ্ঠানে এনওয়াইআইটির অ্যাকটিং প্রভোস্ট লোউ রেইনিস, শিক্ষক প্রশিক্ষণ বিভাগের চেয়ারম্যান হুই ইন সু, সহকারী অধ্যাপক মিনহাজ ফজল, এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মো. নুর এলাহী মিনা ও এনওয়াইআইটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী কাজী তারানা উপস্থিত ছিলেন।
এনওয়াইআইটির শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ব্যবহার করে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের উন্নততর প্রশিক্ষণ এবং নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগে প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের নানা বিষয় রয়েছে এই সমঝোতায়। এ ছাড়া আছে এনওয়াইআইটির ফ্যাকাল্টি ও শিক্ষার্থীদের এটুআইয়ের কাজের সঙ্গে সম্পৃক্তকরণ এবং প্রতিষ্ঠানটির সহযোগিতা নিয়ে এটুআই গৃহীত কর্মসূচির মূল্যায়ন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত নাগরিক সেবা প্রদানে ‘নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি’র সুদীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানোর মতো বিষয়গুলো।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এনওয়াইআইটির ইনটেরিম প্রেসিডেন্ট রহ্মত সুরেসি বলেন, ‘এর মাধ্যমে আমাদের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষা ও তথ্যপ্রযুক্তিগত উন্নয়নে ব্যবহৃত হবে। শিক্ষক, শিক্ষার্থী ও বাংলাদেশের জনগণ উপকৃত হবেন।’
এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ‘আমরা পৃথিবীর বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছি। এই সমঝোতা স্মারক স্বাক্ষর তারই ধারাবাহিকতা। আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।’


