এপ্রিলের মধ্যেই প্রাথমিকের ৪৫ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা

এপ্রিলের মধ্যেই প্রাথমিকের ৪৫ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবশেষে অবসান হচ্ছে প্রাথমিকের বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী এপ্রিলের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেবে বলে ঠিক করেছে। একই সঙ্গে জুলাইয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

বুধবার (৯ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০২১ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২,৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এতে করে বিদ্যালয়গুলোতে শিক্ষকের ঘাটতি দেখা দেওয়ায় স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তি পরবর্তী শূন্যপদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, “জাতির উন্নয়ন, অগ্রগতি এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই। প্রাথমিক শিক্ষা জাতির ভিত নির্মাণ করে। তাই সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে অঙ্গীকারবদ্ধ। এজন্য দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।‌‌‌”

সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *