পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছর ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবে হজ ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এবারের হজের মৌসুমে সৌদি-ইসরায়েল হজ ফ্লাইট চালুর জন্য সৌদিদের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েলি সরকার। খবর রয়টার্স।
১৯ জুন, সোমবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি কান রেডিওকে বলেছেন, ‘সম্ভবত আগামী হজের সময় আমরা এমন অবস্থানে থাকব, যাতে হজ ফ্লাইটগুলো সরাসরি ইসরায়েল থেকে ছেড়ে যাবে।’
এর আগে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন জানিয়েছিলেন, তারা সৌদি সরকারকে সরাসরি হজ ফ্লাইট চালুর জন্য অনুরোধ করেছেন। এই বিষয়ে আলোচনা চলছে। চলতি বছরই ইসরায়েল-সৌদি রুটে হজ ফ্লাইট চালু করার বিষয়ে আশাবাদী ছিলেন কোহেন।
ইসরায়েলের জনসংখ্যার এক তৃতীয়াংশই আরব বংশোদ্ভূত মুসলিম। ফলে প্রতি বছর হজের সময় ইসরায়েল এবং ফিলিস্তিন থেকে বিপুল সংখ্যক মানুষ সৌদি আরবের মক্কায় যান। কিন্তু ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় উভয় দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে না। ফলে হজযাত্রীদের তৃতীয় কোনো দেশ হয়ে সৌদিতে যেতে হয়।
এদিকে ইসরায়েল দীর্ঘদিন ধরেই সৌদিদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এজন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে। ৮ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সৌদি সফরে গিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবকে চাপ দেন। যদিও এই মার্কিনীদের মধ্যস্থতায় ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পেরেছিল ইসরায়েল।


