এবার ওমরাহ পালনে থাকছে না সংখ্যার সীমাবদ্ধতা

এবার ওমরাহ পালনে থাকছে না সংখ্যার সীমাবদ্ধতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র ওমরাহ পালনের সময় মুসল্লিদের সংখ্যার কোনো সীমাবদ্ধতা থাকছে না। আগামী হিজরি নববর্ষ থেকে শুরু হতে যাওয়া নতুন ওমরাহ মৌসুম থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে একথা জানিয়েছে গালফ নিউজ।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত জানিয়েছেন, নতুন ইসলামিক বছর থেকে শুরু হতে যাওয়া ওমরাহ মৌসুমে মুসল্লিদের সংখ্যায় কোনো বাধানিষেধ থাকছে না। কারণ নির্ধারিত সংখ্যা সৌদি কর্তৃপক্ষের সামর্থ্য, সুরক্ষাবিধি ও পদ্ধতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশটির হজ, ওমরাহ ও পর্যটন বিষয়ক জাতীয় কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিধি লঙ্ঘনকারী অপারেটররা মুসল্লিদেরকে ওমরাহ পালনে কোনো ধরনের সেবা দিতে পারবে না এবং তাদেরকে মোটা অংকের জরিমানার আওতায় নিয়ে আসা হবে।’

এছাড়া করোনা মহামারি শুরুর পর থেকে ভিসার নিয়মভঙ্গের কারণে কয়েকশো ওমরাহ অপারেটরকে ২০০ কোটি সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর আগামী ১ মহররম বা ১০ আগস্ট থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। ১৮ বছর বা এর ঊর্ধ্ব বয়সীরাই কেবল ওমরাহ পালনের অনুমতি পাবেন।

এছাড়া সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে স্বীকৃত ওমরাহ এজেন্সির মাধ্যমেই কেবল সৌদি আরবে আসতে পারবেন মুসল্লিরা। ওমরাহ পালনের সময় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *