পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘের অন্তত ১৬ জন কর্মী ও তাদের আত্মীয়স্বজনদের আটক করার পর এবার বিশ্ব সংস্থাটির আরও ৭০ জন চালককে আটক করেছে ইথিওপিয়ার কর্তৃপক্ষ।
বুধবার (১০ নভেম্বর) রয়টার্সের দেখা জাতিসংঘের একটি অভ্যন্তরীণ ইমেইলে এমনটি বলা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
আটক চালকরা তিগ্রাই জনগোষ্ঠীর কি না তা পরিষ্কার হয়নি। এর আগে মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছিলেন, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘের অন্তত ১৬ জন কর্মী ও তাদের ওপর নির্ভরশীলদের আটকে রাখা হয়েছে।
এই চালকদের আটকের বিষয়ে মন্তব্যের জন্য ইথিওপিয়া সরকারের মুখপাত্র লেগেসে টুলু ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিনা মুফতিকে অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিভাবে সাড়া দেননি বলে রয়টার্স জানিয়েছে।
মঙ্গলবার ইথিওপিয়ার মানবাধিকার কমিশনের সরকার নিয়োগককৃত প্রধান জানিয়েছিলেন, রাজধানীতে তিগ্রাই জাতিগোষ্ঠীর মানুষজনকে গ্রেপ্তার করা হচ্ছে, এমন শত শত প্রতিবেদন পাচ্ছেন তারা।
জাতিগত পরিচয় বিবেচনায় কাউকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে দেশটির পুলিশ। তারা জানিয়েছে, শুধু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী তিগ্রাইয়ের বাহিনীগুলোর সমর্থকদের আটক করছে তারা।
ইথিওপিয়ার ক্ষমতাসীন জোটে কার আধিপত্য থাকবে তা নিয়ে বিবাদে গত বছর দেশটির কেন্দ্রীয় সরকার ও তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে লড়াই শুরু হয়।
গত সপ্তাহে টিপিএলএফের বাহিনীগুলোর রাজধানীর দিকে এগিয়ে আসার খবরে উদ্বিগ্ন ইথিওপিয়ার সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে, যা তাদেরকে আদালতের আদেশ ছাড়াই সন্দেহভাজন যে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছে।
চলতি বছরের শুরুর দিকে ইথিওপিয়ার পার্লামেন্ট টিপিএলএফকে সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছিল।


