এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন ভোট গ্রহনে জাপার আপত্তি

এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন ভোট গ্রহনে জাপার আপত্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে তিনটি সংসদীয় আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণে আপত্তি জানিয়েছে দলটি। ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে মঙ্গলবার (৮ জুন) দলটি প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) স্মারকলিপি দিয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার (৮ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেয়।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে ১৪ জুলাই। ২০১৯ সালের এই দিনে এরশাদের মৃত্যু হয়।

সিইসির সঙ্গে বৈঠক শেষে জিয়াউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সেদিন তিনটি জাতীয় সংসদের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন দলের নেতা–কর্মীরা নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন না। বিষয়টি তাঁরা সিইসিকে জানিয়েছেন। সিইসি তাঁদের জানিয়েছেন, কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জিয়াউদ্দিন আহমেদের সই করা স্মারকলিপিতে বলা হয়, গত বছর এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচন দেওয়া হয়ছিল। তখন তারা প্রতিবাদ জানালে কমিশন থেকে বলা হয়েছিল, বিষয়টি জানা ছিল না। দুঃখের বিষয় এবারও একই দিনে ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এইচ এম এরশাদ দেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত জাতীয় পার্টি এ দেশে দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় ছিল। জাতীয় পার্টি এখন সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে। এ অবস্থায় ১৪ জুলাই উপনির্বাচন করা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *