এ সপ্তাহেই কমতে পারে চালের দাম

এ সপ্তাহেই কমতে পারে চালের দাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চালের আমদানি শুল্ক কমানোর এক দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে হিলি কাস্টমসে চালের বিল অব এন্ট্রি সাবমিটের পর শুল্কায়ন শেষে বন্দর থেকে চাল খালাস শুরু হয়। এতে বাজারে সরবরাহ বাড়ার কারণে চালের দাম চলতি সপ্তাহেই কমতে পারে।

জানা গেছে, বাজারে ঊর্ধ্বমুখী অবস্থা থেকে চালের দাম কমাতে চলতি বছর দুই দফা আমদানি শুল্ক কমানো হয়।

গত ২৩ জুলাই প্রথম দফায় চাল আমদানি শুল্ক ৬২.৫ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়। এতে বন্দর দিয়ে চাল আমদানি শুরু করেন আমদানিকারকরা। কিন্তু ডলারের মূল্যবৃদ্ধি ও ভারতীয় ব্যবসায়ীরা চালের মূল্য বাড়িয়ে দিলে চাল আমদানি করে দেশের ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছিল। তাই পুনরায় শুল্কছাড়ের আশায় চাল খালাস না করে গত ২৫ থেকে ৩০ দিন ধরে বন্দরে চালবোঝাই ট্রাক ফেলে রেখেছিলেন আমদানিকারকরা। এতে বন্দরে ৩০৬টি ট্রাকে প্রায় সাড়ে ১২ হাাজার টন চাল আটকা থাকায় পণ্যজটের সৃষ্টি হয়েছিল।

সর্বশেষ গত রবিবার রাতে চালের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার ঘোষণা দিয়েছে এনবিআর। তবে কাগজপত্রের জটিলতার কারণে সোমবার সেই চাল খালাস সম্ভব হয়নি। গতকাল থেকে শুরু হয়েছে। কম শুল্কের এই চাল বাজারে প্রবেশ করলে কেজিপ্রতি তিন থেকে পাঁচ টাকা করে দাম কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের।

আমদানির কারণে দেশের বাজারে চালের দাম কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। গতকাল সচিবালয়ে তিনি জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সরকারি পর্যায়ে চাল আমদানির চুক্তি করা হচ্ছে। বেসরকারিভাবে চাল আমদানি শুরু হয়েছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে পর্যাপ্ত চাল আমদানি হবে। এতে দেশের বাজারে চালের দাম বেশ কমবে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তাঁর নিজ এলাকায় একটি অনুষ্ঠানে জানিয়েছেন, দেশে চলতি আউশ মৌসুমে এযাবৎকালের সর্বোচ্চ পরিমাণ ধান উৎপাদিত হচ্ছে। একদিকে আউশের পর্যাপ্ত উৎপাদন, অন্যদিকে বিপুলসংখ্যক মানুষকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সম্পৃক্ত করা হচ্ছে। কাজেই বাজারে চালের দাম কমতে শুরু করেছে। খুব শিগগির চালের দাম স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *