নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা হওয়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ ও বিজয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনাইটেড ইসলামিক পার্টির অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আইন অনুযায়ী বিচার হয়েছে। তাদের যদি আরো কিছু বলার থাকে, উচ্চ আদালত রয়েছে, সেখানে তারা যেতে পারেন। আরো যদি ক্ল্যারিফিকেশন থাকে, সেখানে হবে। আমরা এটাই জোর গলায় বলতে পারি, বিচারকদের ওপর কোনো রকম ইনফ্লুয়েন্স (প্রভাব) আমাদের নেই। বিচারকরা স্বাধীনভাবে তাদের রায় ঘোষণা করছেন এবং ভবিষ্যতে তাই করবেন।’
এ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানান, খালেদা জিয়ার সাজা হওয়া গণতান্ত্রিক রাজনীতির জন্য লজ্জাজনক। গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পরপরই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে রাখা হয়।


