পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঐক্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বিকেলে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের পাঁচজন নেতা দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, জনগণের জন্য যে ঐক্য করা হয়েছে, তা নিয়ে এগিয়ে যেতে বলেছেন তিনি। খালেদা জিয়া সবার কাছে দোয়া চেয়েছেন।
মির্জা ফখরুল আরও বলেন, এসময় নেত্রীর সাথে রাজনৈতিক বিষয় নিয়ে তেমন আলোচনা হয়নি। তাঁর শারীরিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ, অনেক দিন পর তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পেলাম। ওনাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় সেখান থেকে আবার কারাগারে নেওয়া হয়েছে। ‘খালেদা জিয়াকে চার দিন ধরে থেরাপি দেওয়া হচ্ছিল না। ম্যাডাম অত্যন্ত অসুস্থ। পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে তাঁকে আবার চিকিৎসা দেওয়া হোক।’
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া পাঁচ নেতা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস।
উল্লেখ্য, দুর্নীতির মামলায় সাজা নিয়ে গত ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া।এর মধ্যে জিয়া এতিমখানা ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় নিম্ন আদালত খালেদাকে পাঁচ বছর সাজা দিলেও পরে হাই কোর্ট তা বাড়িয়ে ১০ বছর করে।
এরপর জিয়া দাতব্য ট্রাস্টের প্রায় সোয়া তিন কোটি টাকা আত্মসাতের আরেক মামলায় গত ২৯ অক্টোবর পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান সাত বছরের কারাদণ্ড দেন খালেদা জিয়াকে।


