পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা ভাইরাসের সর্বশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে ভারতে মধ্যপ্রদেশের পর এবার উত্তর প্রদেশেও রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। শনিবার থেকে এই রাত্রীকালীন কারফিউয়ের সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এছাড়া বিয়ে এবং কোনো ধরনের জন সমাবেশে দুইশ’ জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না এবং যেকোনো জন সমাবেশে অংশগ্রহণকারীদের যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে বলে উত্তর প্রদেশের সরকার নির্দেশনা জারি করেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের ‘মাস্ক ছাড়া পণ্য বিক্রি নয়’ নীতি অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রদেশেও ওমিক্রন ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়।
ভারতে এ পর্যন্ত ৩৫৮ জনের শরীরে করোনার এই ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
এদিকে বিশ্বের ১০৬ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। ইউরোপের বেশ কিছু দেশে এটি বর্তমানে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সুইডেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। অন্যান্য দেশেও এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান ড. হ্যানস ক্লুগে ইউরোপের দেশগুলোর জন্য সতর্কবাণী উচ্চারণ করেছেন। বলেছেন, আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। এতে আমাদের অঞ্চলে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়বে।


