নিজস্ব প্রতিবেদক ● কওমি মাদরাসা শিক্ষাসনদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে অবদান রাখায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে দিনাজপুরের আলেম-উলামা গণসংবর্ধনা প্রদান করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে দিনাজপুরের আলেমগণ আল্লামা মাসঊদের ত্যাগের কথা স্মরণ করে তারা বলেন, আধুনিক প্রতিটি ক্ষেত্রেই আল্লামা মাসঊদ একজন উজ্জ্বল পথিকৃৎ। আজীবন এ দেশের আলেমউলামা স্মরণ করবে।
তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতওয়া দিয়ে এ দেশের আলেমদের মাথার ছায়া হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। হাজার বছর পরেও কওমি অঙ্গনের কুশিলবগণ তাকে স্মরণ করতে বাধ্য হবে।
মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর বটতলী মাদরাসা মিলনায়তনে আল্লামা মাসঊদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
আল্লামা মাসঊদ স্বীকৃতির দেয়ায় শুকরিয়াজ্ঞাপন করে বলেন, স্বীকৃতি মৌলিকভাবে কোনো করুণা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে এই অঙ্গনের অধিকার নিয়ে কেউ্র ভাবেনি। তবে শিগগিরই আইনে পরিণত করতে হবে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, মাওলানা শামসুল হুদা খান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা আবদুর রহীম কাসেমী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, কারী মাকসুদুর রহমান প্রমুখ।


