পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে, পাশাপাশি সুস্থতা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকেসোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত ১৯ জন মারা গেছে। এটি আগের দিনের চেয়ে ৯ জন কম। গতকাল ১৯ জনসহ এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে চার হাজার ৬৯২ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল চার হাজার ৮৩৮ জন। আগের দিনের চেয়ে গতকাল করোনা সংক্রমণ কমেছে ১.৩২ শতাংশ। রবিবার সংক্রমণের হার ছিল ১৪.৮৫ শতাংশ। গতকাল তা কমে হয়েছে ১৩.৫৩ শতাংশ।
দেশে এখন পর্যন্ত এক কোটি ৩০ লাখ ২৯ হাজার ৭৮৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) ২১ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে তিন হাজার ১৮৪ জন। শনাক্তের হার ১৪.৬৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৪.৬৩ শতাংশ। গতকাল এই জেলায় করোনা আক্রান্ত সাতজন মারা গেছে। আর ঢাকা বিভাগে মারা গেছে ১০ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে দুজন। খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে। রাজশাহী বিভাগে গতকাল করোনায় কেউ মারা যায়নি।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ১৩ হাজার ২৩৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন। সুস্থতার হার ৮৮.৩৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮৭.৯০ শতাংশ।


