পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনামুক্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ১৬ সেপ্টেম্বর থেকে তিনি রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এরপর তিনি ধানমণ্ডিতে নিজের বাসায় ফিরেছেন। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সায়েম খান বলেন, গত ১৫ সেপ্টেম্বর নাছিম ভাইয়ের করোনা ধরা পড়ে। পরদিন থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ টেস্টে রেজাল্ট নেগেটিভ আসায় তিনি বাসায় ফিরেছেন। আগামী দুই মাস তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। তিনি তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করায় দলীয় নেতাকর্মী ও দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম চার দশকের বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি বর্তমানে প্রভাবশালী একজন নেতা।
/এএ


