পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের দরুণ বিশ্বজুড়েই হুমকির মুখে পড়েছে অর্থনীতি। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ।
মহামারির শুরু থেকে শুক্রবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত জাপানে চাকরিচ্যুত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৫২২ জন। এদের মধ্যে ৩৮ হাজার ৯ জনই ছিলেন অস্থায়ী কর্মী। জাপানে এ সব চাকরি হারানো মানুষদের মধ্যে সর্বোচ্চ ১৬ হাজার ৭১৭ জন কাজ করতেন প্রস্তুতকারক শিল্পে। এছাড়া ১০ হাজার জন করে কাজ করতেন খাদ্য ও পানীয় এবং খুচরা পণ্য শিল্পে। সম্প্রতি জাপানের শ্রম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ডিসেম্বর শেষ না হলেও এ মাসে ইতোমধ্যেই গত নভেম্বরে চাকরিচ্যুত কর্মীর সংখ্যা ছাড়িয়ে গেছে। চলতি মাসে গত শুক্রবার পর্যন্ত জাপানে চাকরি হারিয়েছেন মোট ৫ হাজার ১৯৯ জন। দেশটিতে নভেম্বরে বেকার হয়েছিলেন ৫ হাজার ১৯৩ জন। সাপ্তাহিক চাকরিচ্যুতির হিসাবেও রেকর্ড হয়েছে গত সপ্তাহে। এসময় নতুন বেকার হয়েছেন অন্তত ১ হাজার ৭৮৩ জন। এর আগের সপ্তাহগুলোতে গড়ে এক হাজারের মতো মানুষ চাকরি হারিয়েছেন।
এলাকাভিত্তিক হিসাব করলে টোকিওতে চাকরি হারিয়েছেন ১৯ হাজার ৩১৮ জন, ওসাকায় ৬ হাজার ৬৫৭ জন এবং আইচি অঞ্চলে রয়েছেন ৪ হাজার ৬৯৬ জন। তবে জাপানের শ্রম মন্ত্রণালয়ের হিসাবের চেয়েও দেশটির সংকট আরও গভীর বলে ধারণা করা হচ্ছে। কারণ, চাকরিচ্যুতির এই হিসাব এসেছে প্রধানত আঞ্চলিক শ্রম ব্যুরো এবং চাকরি সংক্রান্ত সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে। এর বাইরেও বহু মানুষ সংকটে রয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা আরো জানায়, দেশটিতে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাকরি ক্ষেত্রের পরিস্থিতি উন্নয়নে বিলম্ব হতে পারে।
/এএ


