করোনা ঠেকাতে উন্নত চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ : আল্লামা মাসঊদ

করোনা ঠেকাতে উন্নত চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ : আল্লামা মাসঊদ

বাংলাদেশে আল্লাহর রহমেই করোনার বড় আঘাত আসেনি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চিকিৎসাবিদ্যায় উন্নতি স্বত্ত্বেও মানুষ করোনা ঠেকাতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, আমাদের রোগ বালা মসিবত সবই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আজাব পাঠিয়ে মানুষকে সতর্ক করেন। বোকা মানুষ। সতর্ক হয় না। করোনা এসে আমাদের কী শিক্ষা দিয়েছে। আল্লাহকে ভুলে যাওয়া মানুষ যেনো আল্লাহর কাছে ফিরে আসে। ডাক্তারি বিদ্যায় সবচেয়ে বেশি উন্নতি দেখিয়েছে বিজ্ঞানীরা। রোবট বানিয়েছে, এখন আরও কত কত উন্নতি করবার চেষ্টা করছে। কিন্তু ২০২০ চলে গেলো তাদের নাগালের বাইরে। এত ক্ষমতা, এত সক্ষমতা সবকিছু চুরমার করে দিয়ে রাজ করে গিয়েছে করোনা ভাইরাস।

আল্লামা মাসঊদ বলেন, বাংলাদেশের মানুষ গরিব হলেও দ্বীনদার। এ দেশের প্রতি আল্লাহর অনেক বেশি রহম আছে। আল্লাহর রহম আছে বলেই করোনা এদেশের মানুষকে কিছু করতে পারেনি। আল্লাহই বাঁচানোর মালিক। আমেরিকা ও ইউরোপের মানুষকে আল্লাহর আজাবে নিপতিত দেখেও কি আমরা আল্লাহর দিকে ফিরে আসবো না? এ ভয়ঙ্কর আজাব দেখার পরও আমরা যদি আল্লাহকে চিনতে না পারি এরচেয়ে বোকামি আর কিছু হবে না।

শুক্রবার (০১ জানুয়ারি ২০২১) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

আল্লাহর হুকুমে জীবন পরিচালনার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, করোনার ভয়ে বিশ্বজুড়েই নানা বিধিনিষেধ পালন হচ্ছে। মানুষের সবচেয়ে বড় অধপতন হলো মানুষ নিজের অভ্যাস ছাড়তে পারে না। মানুষ যতক্ষণ আল্লাহর অভ্যাসে না ফিরবে, আল্লাহর হুকুমে না চলবে ততক্ষণ মানুষের মুক্তি নেই।

এর আগে মানুষের বদ আমলের কারণেই করোনা ভাইরাসের মত রোগ আসে উল্লেখ করে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, বর্তমান বিশ্বে খারাপ কাজের পরিমাণ দিনদিন বেড়েই চলছে। মানুষ এখন ভালো কাজ করতে চায় না। মানুষ যখন গুনাহের কাজ করে, বদ আমল করে, তখন এর প্রভাব প্রকৃতির উপর পড়ে। আর মানুষের বদ আমলের কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে করোনা ভাইরাসের মত রোগ আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *