পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশসহ চার দেশের যাত্রীবাহী বিমান প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত। গতকাল সোমবার থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতও এ নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে কুয়েত ফ্লাইট–নিষেধাজ্ঞা জারি করা দেশগুলোর কার্গো বিমান পরিবহন করতে দেবে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ওডিজিসিএ) গতকাল বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সরাসরি ফ্লাইট প্রবেশ বন্ধের ঘোষণা দেয়। ওডিজিসিএর বিবৃতিতে বলা হয়, এসব দেশের নাগরিকেরা কুয়েতে প্রবেশ করতে চাইলে তাঁদের অবশ্যই আগে অন্য কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


