করোনাভাইরাস নিয়ে সরকারের কোনও লুকোছাপা নেই: তথ্যমন্ত্রী

করোনাভাইরাস নিয়ে সরকারের কোনও লুকোছাপা নেই: তথ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস নিয়ে সরকার কোনও লুকোছাপা করছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপির অনেকেই মন্তব্য করছেন, করোনাভাইরাস নিয়ে সরকার লুকোচুরি করছে। ব্যাপারটা তা নয়, বরং সরকার প্রতিদিন প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে আপডেট তথ্য জানাচ্ছে।’

বুধবার (১৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলোতে করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে, সে দিকটি বিবেচনায় এনে বাংলাদেশ এই ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণ করেছে।’

হাছান মাহমুদ বলেন, ‘দেশের সংকটময় সময়ে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে বরং বিষোদগার করছে। কিছু লিফলেট ছাপিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা চাইবো, এমন সময় বিষোদগারের রাজনীতি না করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাই সম্মিলিতভাবে কাজ করতে।’

নারীর ক্ষমতায়ন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কাজের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা অনেক এগিয়ে। হিসাব করলে দেখা যাবে, পৃথিবীর প্রায় ৭০ ভাগ কাজ নারীরা করেন। কর্মজীবী নারীরা একদিকে যেমন অফিস সামলান, তেমনি অন্যদিকে ঘরে ফিরে সংসার সামলান। পৃথিবীর উন্নয়নে তাদের ভূমিকা অগ্রগণ্য। আর পৃথিবীর অর্ধেক জনসংখ্যা নারী হওয়ায় তাদের বাদ দিয়ে পৃথিবীর উন্নয়ন সম্ভব নয়।’

টেলিভিশনগুলোর প্রতি অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশি টেলিভিশনের অন্ধ অনুকরণে শুধুমাত্র পরকীয়া ধরনের সিরিজ যেন না দেখানো হয়। কীভাবে একজন আরেকজনের সঙ্গে প্রতারণা করছে, সেই বিষয়গুলো যেন না দেখানো হয়।’

অনুষ্ঠানে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, কোষাধ্যক্ষ আক্তার জাহানসহ সংগঠনের সদস্য নারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *