করোনার পর উইন্ডিজ টেস্ট খেলেছে, আমরা খেলিনি

করোনার পর উইন্ডিজ টেস্ট খেলেছে, আমরা খেলিনি

রাসেল ডমিঙ্গোর অভিমত

করোনার পর উইন্ডিজ টেস্ট খেলেছে, আমরা খেলিনি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসে টগবগ করছে টাইগাররা। তবে টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নিলে বিপদ হতে পারে বলে মনে করেন জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। তাদের হালকাভাবে নিলে সমস্যা হতে পারে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

প্রথম টেস্টের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ওয়েস্ট ইন্ডিজ একটি গর্বিত ক্রিকেট রাষ্ট্র। টেস্টে তারা ভালো একটি দল। করোনায় দীর্ঘ বিরতি হলেও ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে টেস্ট খেলেছে তারা। তাই সাম্প্রতিক সময়ে খেলার মধ্যেই আছে তারা। তারা বেশ কিছু টেস্ট ম্যাচ খেলেছে, যা আমরা খেলিনি। খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিলে আমাদের বিপদে পড়তে হবে।

করোনার আতঙ্ক ও ব্যক্তিগত কারণে এবারের বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজের উপরের সারির ১২ খেলোয়াড়। তবে ওয়ানডের চেয়ে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল কিছুটা অভিজ্ঞ। কারন দলে আছেন ক্রেইগ ব্র্যাথওয়েট, জার্মেই ব্ল্যাকউড, শ্যানন গাব্রিয়েল, কেমার রোচের মত বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়। সাথে আছেন রাকিম কর্নওয়ালের মত বুদ্ধিদীপ্ত স্পিনার। বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে ৫ উইকেটও নিয়েছেন তিনি।

এছাড়া প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে রান করেছেন সিরিজের অধিনায়ক ব্র্যাথওয়েট, এনক্রুমার বোনার, জন ক্যাম্পবেল ও জসুয়া ডি সিলভারা। তাই টেস্ট সিরিজেও বাংলাদেশের উপর তারা আধিপত্য বিস্তার করে খেলতে পারে বলে মনে করেন ডমিঙ্গো, ওয়েস্ট ইন্ডিজ দলে বেশ কিছু দারুণ ক্রিকেটার রয়েছে। ব্র্যাথওয়েট-ব্ল্যাকউড-রোচ-গাব্রিয়েলরা অভিজ্ঞ। গাব্রিয়েল-রোচের মত বিশ্বমানের বোলার আছে তাদের। যে কোনো কন্ডিশনে তারা জ্বলে উঠার ক্ষমতা রাখে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। সাফল্য পেতে হলে, সেরাটাই দিতে হবে আমাদের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তবে পরবর্তীতে জানা যায়, সাকিবের ইনজুরি গুরুতর নয়। প্রথম টেস্টে খেলতে পারবেন সাকিব। তবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, সাকিব এখনো শতভাগ ফিট নন। তবে প্রথম টেস্টে শতভাগ ফিট সাকিবকে পাবার প্রত্যাশায় ডমিঙ্গো।

জুয়াড়ি কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের পাওয়া প্রস্তাব গোপন করায় সাকিবকে এক বছরের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ করেছিলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিষেধাজ্ঞা শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক পর্যায়ে ফিরেন সাকিব। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে তিনি ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন। প্রথম ওয়ানডেতে ৮ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে ১৯ রান করে ম্যাচ সেরা হন।

দ্বিতীয় ম্যাচে বল হাতে ৩০ রানে ২ উইকেট এবং ব্যাট হাতে অপরাজিত ৪৩ রান করে বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান রাখেন সাকিব। চট্টগ্রামের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে আউট হন। তবে বল করতেই গিয়েই তিনি কুঁচকির ইনজুরিতে পড়েন। ৪.৫ ওভার বল করে তাকে মাঠ ছাড়তে হয়। ওই সিরিজে তিনি সিরিজ সেরার পুরস্কার জিতে নেন। এরপর সব শংকা উড়িয়ে তিনি নিয়মিত অনুশীলনে ফিরেছেন।

অনুশীলনে ফিরলেও সাকিব যে এখন শতভাগ ফিট নন, তা অকপটেই স্বীকার করেছেন ডমিঙ্গো। এক ভিডিও বার্তায় ডমিঙ্গো বলেন, ব্যাটিং ও বোলিংয়ের ক্ষেত্রে সাকিব আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে বিশ্বমানের অল-রাউন্ডার। যে কোনো ফরম্যাটেই তার বিকল্প কেউ নেই। সে থাকলে আমাদের বোলিং-ব্যাটিং দু’টিই শক্তিশালী হয়ে যায়। শেষ ওয়ানডেতে পাওয়া কুঁচকির ইনজুরি কারণে অনুশীলন করতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না। সে পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছে। তাকে এখনও শতভাগ ফিট বলা যায় না।]

তারপরেও প্রথম টেস্টে সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ডমিঙ্গো। প্রথম টেস্ট শুরু হতে এখনো ২ দিন বাকি আছে। এই সময়ের মধ্যে সাকিব ফিট হয়ে উঠবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এখনো টেস্ট শুরু হতে দুই দিন সময় আছে। এই সময়ের মধ্যে সে নিজেকে ফিট করে গড়ে তুলবে আশা করি। আমরা আত্মবিশ্বাসী প্রথম টেস্টের জন্য সে প্রস্তুত। শতভাগ ফিট হতে পুনর্বাসনে কঠোর পরিশ্রম করছে সে। নেটে ব্যাটিং-বোলিং দুটিই করছে। তার মধ্যে অস্বস্তি দেখা যায়নি। তবে আমরা নিশ্চিত, সে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে ও তাকে প্রথম টেস্টে পেতে আমরা আত্মবিশ্বাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *