পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করেনাভাইরাসের প্রাথমিক সংক্রমণের মাত্রা চীনের স্থানীয় কর্মকর্তারা ধামাচাপা দিয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন দেশটির একজন চিকিৎসক।
শুরুর দিকে চীনে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছিলেন এই চিকিৎসক প্রফেসর কুক ইয়ং ইওয়েন। উহান শহরে এই রোগের চিকিৎসায় সাহায্য করেছিলেন তিনি।
সোমবার (২৭ জুলাই) তিনি বিবিসিকে জানান, শুরুর দিকে এরকম কিছু তথ্য প্রমাণ ধ্বংস করে ফেলা হয়েছে। এছাড়া এর প্রতিকারের চেষ্টাও ছিল খুব ধীর।
প্রফেসর কুক ইয়ং ইওয়েন বলেন, ‘আমরা যখন হুয়ানান সুপারমার্কেটে যাই, সেখানে তখন দেখার মতো কিছু ছিল না। কারণ ইতোমধ্যেই বাজারটি পরিষ্কার করে ফেলা হয়েছে। ফলে আপনি বলতে পারেন যে, অপরাধের আলামত ততোক্ষণে নষ্ট করে ফেলা হয়েছে। ফলে ভাইরাসটি কোন উৎস থেকে মানবদেহে এসেছে, সেটা আমরা চিহ্নিত করতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘আমার সন্দেহ যে, তারা উহানে স্থানীয়ভাবে কিছু ধামাচাপা দিয়েছে। যেসব স্থানীয় কর্মকর্তার এসব তথ্য সরবরাহ করার কথা ছিল, তাদেরকে সেটা খুব দ্রুত করতে অনুমতি দেওয়া হয়নি।‘
ডিসেম্বরের শেষের দিকে যে ডাক্তার এই ভাইরাসের ব্যাপারে তার সহকর্মীদের সতর্ক করে দিয়েছিলেন কর্তৃপক্ষ তাকে শাস্তিও দিয়েছে।
করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে শুরুর দিকে চীনের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এজন্য দেশটির সমালোচনাও হচ্ছে। তবে চীন সবসময়ই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
/এএ


