করোনায় আক্রান্ত পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার

করোনায় আক্রান্ত পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টুইটারে আসাদই নিজের কোভিড-১৯ শনাক্ত হওয়ার খবর দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ রাজনীতিক কয়েকদিন আগেও দেশটির প্রধানমন্ত্রী ও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছিলেন।

আসাদের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তানের সবচেয়ে বড় দাতব্য সংস্থার প্রধান ফয়সাল ইধির সঙ্গে বৈঠকের পর এপ্রিলে করা স্বাস্থ্য পরীক্ষায় তেহরিক-ই ইনসাফ দলের শীর্ষ নেতা ইমরানের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইমরান ও ফয়সালের ওই বৈঠক হয়েছিল। বৈঠকের কয়েকদিন পরেই ইধি ফাউন্ডেশনের কর্ণধার ফয়সালের কোভিড-১৯ ধরা পড়ে।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনায় পাকিস্তানের বিরোধীদলীয় সাংসদরা বেশ কিছুদিন ধরেই পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন ডাকতে আহ্বান জানিয়ে আসছিলেন।

দেশটিতে শুক্রবার সকাল পর্যন্ত ১৬ হাজার ৮০০ জনের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৫তে।

বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ টুইটারে তার কোভিড-১৯ পরীক্ষার ফল ‘পজেটিভ’ এসেছে বলে জানান।

“আমি বাসায় কোয়ারেন্টিনে আছি,” বলেছেন তিনি।

আসাদ সোমবার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছিলেন। এর পরের কয়েকদিনে তার সঙ্গে সরকারের উচ্চপদস্থ আরও কয়েক কর্মকর্তার বৈঠক হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

ন্যাশনাল অ্যাসেম্বলির এ স্পিকার সোমবার রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে একটি ইফতার পার্টিরও আয়োজন করেছিলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোকে পাকিস্তান করোনাভাইরাস শনাক্তে পরীক্ষার পরিমাণ বাড়িয়েছে। প্রায় ২১ কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশটি এখন প্রতিদিন ৮ হাজারের কাছাকাছি টেস্ট করছে।

বৃহস্পতিবার একদিনেই দেশটিতে নতুন করে আরও ৯৯০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

পাকিস্তানের সরকার বলছে, আক্রান্তের সংখ্যা তাদের ধারণার তুলনায় কম বলে দেখা যাচ্ছে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবেলায় আরও কিছু বিধিনিষেধ তুলে দেয়ার কথাও ভাবা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

আসাদের আগে সোমবার সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইলের দেহেও করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *