করোনায় বিটিভির সাবেক মহাপরিচালকের মৃত্যু

করোনায় বিটিভির সাবেক মহাপরিচালকের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণে মারা গেছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী খান (৭২)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমএসইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে ওয়াজেদ আলী খানের স্ত্রী রেহেনা বেগমও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

ওয়াজেদ আলী খানের ছোট ভাই মির্জাপুর এসকে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মো. লিয়াকত আলী খান ও ভাওড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াজেদ আলী খান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকারপাড়া গ্রামের মৃত মো. আছমত আলী খানের ছেলে। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

চাকরি জীবনে বিটিভির মহাপরিচালক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসির সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান)-সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ওয়াজেদ আলী খান।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) করোনার উপসর্গ দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওয়াজেদ আলী খানকে। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে করোনা পজিটিভ আসে। একপর্যায়ে গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনায় তাঁর স্ত্রী রেহেনা বেগমের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।

সোমবার বাদ এশা মির্জাপুর উপজেলার ভাওড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

ওয়াজেদ আলী খানের মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *