পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৩৪ জন। আর একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। কিন্তু এর আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৬৩২ জন। আর মারা গিয়েছিলেন ২৭ জন।
বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৪০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭৭৬ টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয় এক হাজার ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসেবে নতুন রোগী শনাক্তের হার আট দশমিক শূন্য ৬০ শতাংশে নেমেছে।
এর আগের ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৩২টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২৫টি নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৬৩২ জন রোগী শনাক্ত হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।


