করোনা কাড়ল আরও ২২ প্রাণ, নতুন আক্রান্ত ২৩৮১

করোনা কাড়ল আরও ২২ প্রাণ, নতুন আক্রান্ত ২৩৮১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই হাজার ৩৮১ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মহামারী ভাইরাসটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৫৩৪ জন। একই সময়ে দেশে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসের সংক্রমণে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৬৭২।

সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

দেশে পিসিআর মেশিনের মাধ্যমে ৫২টি ল্যাবের পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ১৩ হাজার ১০৪টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনের নমুনাসহ পরীক্ষা করা হয় ১১ হাজার ৪৩৯টি। এ নিয়ে এযাবত মোট নমুনা পরীক্ষা দাঁড়াল ৩ লাখ ২০ হাজার ৩৬৯টিতে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৮১৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৫৯৭ জন।

গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের বিশ্লেষণ তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, মৃত ২২ জনের মধ্যে ২১ পুরুষ এবং তিনজন নারী। তাদের বয়স বিশ্লেষণে জানানো হয়, মারা যাওয়াদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সসীমার মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের আটজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন এবং ৭১ থেকে ৮০ বছরের দুজন।

এদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১১ জন, চট্টগ্রামের বিভাগের আটজন, সিলেটে দুজন এবং বরিশালে একজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, আর বাড়িতে মারা গেছেন ছয়জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৬১ লাখের বেশি। আর মৃতের সংখ্যা তিন লাখ ৭২ হাজারেরও বেশি। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর মার্চ মাস শেষে ৫০ জনের মতো শনাক্তের কথা জানা গেলেও এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আক্রান্তের হার বাড়ে খুব দ্রুত। সম্প্রতি লকডাউন শিথিল করার পর আক্রান্ত শনাক্তের সংখ্যা প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *