পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের টিকাদানের গতি ধরে রাখতে আন্তর্জাতিক বাজার থেকে ৯ কোটি সিরিঞ্জ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আজ রোববার (১৭ অক্টোবর) এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরাসরি ক্রয় পদ্ধতিতে চীন থেকে এসব ডিসপোজেবল সিরিঞ্জ কেনার নীতিগত সিদ্ধান্ত হয়।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এদিন সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন।
ক্রয় প্রস্তাবে বলা হয়েছে, দেশে করোনার সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ১৩ কোটি ৮২ লাখ মানুষকে ২৭ কোটি ৬৪ লাখ ডোজ টিকা দেওয়া হবে। এর জন্য সমান সংখ্যক সিরিঞ্জ দরকার। প্রতি মাসে ২ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে, সেই হিসাবে ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ জরুরি ভিত্তিতে কেনার সিদ্ধান্ত হয়েছে।
সামসুল আরেফিন চীন থেকে এসব সিরিঞ্জ কেনার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, এই মুহূর্তে চীন ছাড়া এই বিপুল সংখ্যক সিরিঞ্জ সরবরাহ করার মতো সক্ষমতা দেশীয় কোনো কোম্পানির নেই।
এদিকে, একই বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের, ইউএনও, জন্য ৫০টি মিৎসুবিশি পাজেরো স্পোর্ট কিউএক্স জিপ কেনার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এসব গাড়ি সরকারি কোম্পানি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কেনা হবে।


