করোনা; নিজেদের সুরক্ষিত রাখতে মনোবল দৃঢ় রাখুন : কাদের

করোনা; নিজেদের সুরক্ষিত রাখতে মনোবল দৃঢ় রাখুন : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রতি আস্থা রেখে এগিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আস্থার সঙ্গে মনোবল দৃঢ় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখতে হবে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে বিআরটিসি গৃহীত পদক্ষেপ ও দিক-নির্দেশনামূলক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। সংসদ ভবনের তার সরকারি বাসভবন থেকে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্যোগ ও সংকটের সাহসী নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। শেখ হাসিনার হাত ধরেই দেশে স্থাপিত হয়েছে হাজার হাজার কমিউনিটি ক্লিনিক। চিকিৎসা সেবা জণগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন জেলায় স্থাপন করেছেন মেডিকেল কলেজ এবং বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনার এসব উন্নয়ন ও অগ্রগতি এবং জনমানুষের প্রতি তার যে প্রগাঢ় ভালবাসা, তাতে দেশের মানুষকে তার ওপর আস্থা রাখতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি দেশের সঙ্গে মিলিয়েছেন তার নিজের জীবনের আশা আকাঙ্খা। সংকটে তিনি আস্থার প্রতীক।

সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, ঘটে মূল্যবান প্রাণহানি। তাই ঈদ পূর্ববর্তী ও পরবর্তী যাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোয় পরিবহন মালিক-শ্রমিকদের অনুরোধ জানান তিনি। একইসঙ্গে ঈদের পর কোনো শৈথিল্য না দেখিয়ে কড়া নজরদারির জন্য জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়ে তিনি বলেন, বিআরটিসির সমস্যা শ্রমিক কর্মচারীতে নয়। ডিপোকেন্দ্রিক যে অনিয়ম তা শক্তভাবে নিয়ন্ত্রণ জরুরি। আর অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে। কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নন। তাই কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *