করোনা প্রতিরোধে দ্বিতীয় দফায় চীন থেকে এল মেডিকেল সরঞ্জাম

করোনা প্রতিরোধে দ্বিতীয় দফায় চীন থেকে এল মেডিকেল সরঞ্জাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীন থেকে ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে চীনের কুনমিং থেকে দেশে এসে পৌঁছাল মেডিকেল সরঞ্জাম। চীন থেকে আসা এই দ্বিতীয় চালানে রয়েছে- ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার পিপিই ও ১ হাজার থার্মোমিটার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে মেডিকেল সরঞ্জামাদি নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় চীনের একটি কার্গো উড়োজাহাজ। বিমানবন্দরে মেডিকেল সরঞ্জামগুলো গ্রহণ করে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে মেডিকেল সরঞ্জাম সহায়তা দিচ্ছে চীন সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশেও দ্বিতীয়বারের মতো এসব টেস্ট কিট, পিপিই ও থার্মোমিটার পাঠিয়েছে তারা।

প্রথম দফায় বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দিয়েছিল চীন।

এর আগে ভারত সরকার ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১৫ হাজার হেড কভার বাংলাদেশকে দিয়েছে। বুধবার (২৫ মার্চ) ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে এই সহায়তা হস্তান্তর করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *