পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ করোনাভাইরাস মোকাবিলা করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে হোটেল রেডিসন ব্লুতে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির মধ্যেও আমাদের জিডিপি ৬- এর ওপরে রয়েছে। আমরা খাদ্য ও প্রোটিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এখন সবজিও রপ্তানি করছি।’
তিনি বলেন, ‘এখন সংক্রমণ চার শতাংশের মধ্যে রয়েছে। অনেকের কাজ ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করতে হবে।’
জাহিদ মালেক বলেন, ‘গর্ভবতীদের পুষ্টি নিশ্চিত করা সম্ভব হলে সুন্দর আগামী প্রজন্ম পেতে সক্ষম হব। করোনার সময়েও আমরা খাদ্য উৎপাদন অব্যাহত রেখেছি।’
তিনি আরও বলেন, ‘পরিবেশ দূষণের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এজন্য পানি ও বায়ুদূষণ রোধ করতে হবে। শিল্প-কলকারখানার বর্জ্য পানিতে মিশতে দেওয়া যাবে না। পরিবেশ দূষণ রোধ ইটভাটা বন্ধ করতে হবে।’


